ঢাকা | ফেব্রুয়ারী ২৮, ২০২৬ - ১:৩৯ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় জেলের মৃত্যু

  • আপডেট: Friday, February 27, 2026 - 10:19 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ধাক্কায় ধীরেন্দ্রনাথ মন্ডল (৪৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জীবিকার সন্ধানে যে জাল ফেলে তিনি নদীতে নেমেছিলেন, সেই জালেই পরে আটকে ওঠে তার নিথর দেহ। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের ভাটোপাড়া ফুলতলা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধীরেন্দ্রনাথ মন্ডল মহিষালবাড়ী রেলবাজার গুড়িপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তার সঙ্গে নদীতে মাছ ধরছিলেন তার ছেলে। দুর্ঘটনার প্রায় আধাঘণ্টা পর নদীতে ফেলা জালে আটকে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার সময় রাত ৮টার দিকে হঠাৎ একটি ট্রলার তাদের ছোট নৌকাটিকে ধাক্কা দেয়।

এতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুলে ওঠে এবং ধীরেন্দ্রনাথ ও তার ছেলে নদীতে পড়ে যান। তার ছেলে সাঁতরে কোনোভাবে তীরে উঠতে সক্ষম হলেও ধীরেন্দ্রনাথ নদীর স্রোতে তলিয়ে যান। ঘটনার পরপরই আশপাশের জেলেরা উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। একপর্যায়ে নদীতে ফেলা জালে আটকে থাকা অবস্থায় ধীরেন্দ্রনাথের লাশ উদ্ধার করা হয়।

গোদাগাড়ী নৌ পুলিশের ওসি তৌহিদুর রহমান জানান, ট্রলারের ধাক্কাতেই এ দুর্ঘটনা ঘটেছে। ট্রলারটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে। পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।