ঢাকা | ফেব্রুয়ারী ২৮, ২০২৬ - ১:৩৯ পূর্বাহ্ন

তানোরে মোবাইল না কিনে দেয়ায় বৈদ্যুতিক খুঁটিতে কিশোর, ২ ঘণ্টা পর উদ্ধার

  • আপডেট: Friday, February 27, 2026 - 10:45 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে মোবাইল ফোন কিনে না দেয়ায় পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করেছেন বাকপ্রতিবন্ধী এক কিশোর। খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে মোবাইল ফোন কিনে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ২ ঘণ্টা পর অক্ষত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করেন। ওই কিশোরের নাম সুমন হোসেন (১৫)। সে তানোর উপজেলার পাঁচন্দর ইউপির চিমনা গ্রামের মাহাতাব হোসেনের পুত্র।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের আলুর জমির মাঠে। সুমনের পিতা ও পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে সুমন মোবাইল ফোনের জন্য দাবি করে আসছে। আজ দিবো কাল দিবো করে কিনে দেয়া হয়নি। গতকাল সকালেও মোবাইল ফোনের দাবি করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়।

পরে কৃষকসহ গ্রামের লোকজন তাকে হাই ভোল্টেজের লাইনের বিদ্যুতের খুঁটিতে বসে থাকতে দেখে পল্লী বিদ্যুৎ অফিসে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করা হলে সাথে সাথে ওই লাইনের বিদ্যুৎ বন্ধ করা হয়। পরে তার পরিবার ও তানোর ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে প্রায় ২ ঘণ্টা পর ওই বাকপ্রতিবন্ধী কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। কিশোরটি বর্তমানে সুস্থ রয়েছে। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে।