ঢাকা | ফেব্রুয়ারী ২৮, ২০২৬ - ১:২৭ পূর্বাহ্ন

ভূমিদস্যু যেই হোক, ছাড় দেবেন না ভূমিমন্ত্রী মিনু

  • আপডেট: Friday, February 27, 2026 - 10:35 pm

স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের জনভোগান্তি, অনিয়ম এবং দালালের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। উন্নত বিশ্বের আদলে দেশের ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনে সারাদেশে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হবে।

শুক্রবার দুপুর ১২টার দিকে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভূমিমন্ত্রী। ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্যই হলো স্বচ্ছতা নিশ্চিত করা এবং সেবাপ্রার্থীদের দপ্তরে দপ্তরে ঘোরার বিড়ম্বনা থেকে মুক্তি দেয়া। ওয়ান স্টপ সার্ভিস চালু হলে সেবাগ্রহীতাদের বিভিন্ন টেবিল বা অফিসে দৌড়াতে হবে না। এক জায়গা থেকেই আবেদন জমা এবং সেবা গ্রহণ করা যাবে। ভূমিসেবা নিয়ে মানুষের মনে যে দীর্ঘদিনের সন্দেহ ও অবিশ্বাস রয়েছে, তা দূর করতে ডিজিটালাইজেশন ও কঠোর মনিটরিং নিশ্চিত করা হবে। বর্তমান আইন ও বিধিবিধানের যেসব জায়গায় জটিলতা রয়েছে, তা নিরসন করে যুগোপযোগী করার প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ভূমি মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয়। যেখানেই অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের পাশেই এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারগুলো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ মানুষ খুব সহজে আইনি সহায়তা ও খতিয়ান-পর্চার কাজ সম্পন্ন করতে পারেন। মন্ত্রী আরো বলেন, ভরাট হয়ে যাওয়া পুকুরগুলো পুনঃখনন করার উদ্যোগ নেয়া হবে। পুকুর ভরাট করার কোনো সুযোগ নেই। ভূমিদস্যু যেই হোক না কেনো তাদের কোনো ছাড় দেয়া হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে মন্ত্রী তার পুরাতন রিকশাাযোগে জুম্মার নামাজ পড়ার উদ্দেশে রওনা দেন।

এর আগে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু নিজ নির্বাচনি এলাকা রাজশাহী নগরীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অভূতপূর্ব ভালোবাসায় সিক্ত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে নগরীর একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ এলাকায় তাঁর এমন প্রাণবন্ত উপস্থিতি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

সকাল ১০টা বাজার আগেই রাজশাহীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। রিকশাচালক, দিনমজুর থেকে শুরু করে শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সারিবদ্ধভাবে তাঁদের প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে আসেন। এ সময় উপস্থিত অনেকেই ফুলের তোড়া দিয়ে তাঁকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আসা সাধারণ মানুষের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে কথা বলেন মিজানুর রহমান মিনু। দীর্ঘ আড়াই ঘণ্টা সময় ধরে তিনি মানুষের অভাব-অভিযোগ ও সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন। সাধারণ মানুষের সাথে তাঁর এই নিবিড় যোগাযোগ আবারও প্রমাণ করল যে তিনি মাটির কাছাকাছি থাকা একজন নেতা।

উপস্থিত সবার উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীর মাটি ও মানুষের ভালোবাসাই আমার রাজনীতির মূল শক্তি। আপনারা আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, আমি কাজের মাধ্যমে তার প্রতিদান দিতে চাই। ভূমি মন্ত্রণালয়কে একটি স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য, যেন সাধারণ মানুষকে কোনো হয়রানির শিকার হতে না হয়। তিনি আরও উল্লেখ করেন যে, রাজশাহীর চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। মন্ত্রী হিসেবে তাঁর এই যাত্রা যেন সফল হয়, সেজন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং জুমার নামাজের বিরতি নিয়ে তিনি সকালের এই গণসংযোগ কর্মসূচির সমাপ্তি টানেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস