ঢাকা | ফেব্রুয়ারী ১৯, ২০২৬ - ১:৩৩ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহান শিক্ষক দিবস পালিত

  • আপডেট: Wednesday, February 18, 2026 - 10:10 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: গতকাল বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহান শিক্ষক দিবস পালিত হয়।

উনসত্তরের এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রসায়ন বিভাগের শিক্ষক ড. সৈয়দ মুহম্মদ শামসুজ্জোহা প্রক্টরের দায়িত্ব পালনকালে পাকিস্তানি সেনাদের নিহত হন। তিনিই এদেশের প্রথম শহিদ বুদ্ধিজীবী। দিবসের কর্মসূচিতে গতকাল ভোরে বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে কালো পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টায় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমানসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাগণ শহিদ ড. জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাত করেন।

এরপর রসায়ন বিভাগ ও শহিদ শামসুজ্জোহা হলসহ অন্যান্য আবাসিক হল, বিভাগ, রাবি স্কুলসমূহ, শিক্ষক সমিতি, অফিসার সমিতি এবং হল, বিভাগসহ অন্যান্য পেশাজীবী সমিতি ও ইউনিয়ন শহিদ জোহার সমাধি ও স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করে। সকাল ১০টায় সিনেট ভবনে অনুষ্ঠিত হয় জোহা স্মারক বক্তৃতা। এতে ‘ইতিহাস চর্চার চ্যালেঞ্জ’ শীর্ষক বক্তৃতা দেন বিশিষ্ট লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ।

এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং পৃষ্ঠপোষক উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান।

রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এতে সভাপতিত্ব করেন। সেখানে অন্যদের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দিবসের কর্মসূচিতে আরও ছিল বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও বিশেষ মোনাজাত, বাদ আসর শহিদ শামসুজ্জোহা হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এ দিন শহিদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা ছিল।