ঢাকা | ফেব্রুয়ারী ১৮, ২০২৬ - ৩:২৭ পূর্বাহ্ন

রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারে এবার পালিত হবে মাতৃভাষা দিবস

  • আপডেট: Tuesday, February 17, 2026 - 10:19 pm

স্টাফ রিপোর্টার: নগরীর সোনাদিঘির পাড়ে জেলা পরিষদ নির্মিত রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনারে এবার পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

জানা গেছে, সোনাদিঘির পাশে রাজশাহীর পুরাতন সার্ভে ইন্সটিটিউট অন্যত্র স্থানান্তর করে জেলা পরিষদের এক একর জায়গা জুড়ে প্রায় আড়াই বছরে কেন্দ্রীয় শীিদ মিনারটি নির্মাণ করা হয়েছে।

জেলা পরিষদ সূত্র জানায়, মহানগরীতে নির্মিত রাজশাহী কেন্দ্রীয় শহিদ মিনার-এর কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহর রাত ১২-০১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

প্রায় ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদের উদ্যোগে এই কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ করা হয়েছে। এর আগে ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাজশাহী সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সেদিন আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন প্রধান কৌঁসুলি ও রাজশাহীর ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু।

কেন্দ্রীয় এই শহিদ মিনার উদ্বোধনের মাধ্যমে রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। নগরবাসীর প্রত্যাশা, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে এই কেন্দ্রীয় শহিদ মিনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়ে উঠবে শ্রদ্ধা, স্মরণ ও প্রেরণার এক গুরুত্বপূর্ণ প্রতীক।

এ ব্যাপারে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা জানান, গতকাল মঙ্গলবার এক মতবিনিময় সভায় ভাষা দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারটি উন্মুক্ত করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে রাজশাহীবাসির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।