ঢাকা | ফেব্রুয়ারী ১৫, ২০২৬ - ৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

জামায়াতের লোকজনই বাড়িঘর ভাঙচুর করেছে, দাবি বিএনপি নেতার

  • আপডেট: Sunday, February 15, 2026 - 12:11 am

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নির্বাচনি পরবর্তী সময় জামায়াতের লোকজন নিজেরাই বাড়ি ঘর ও আসবাবপত্র ভাঙচুর করেছে বলে দাবি করেছেন বিএনপি নেতা মোশারফ হোসেন এম।

গতকাল শনিবার বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। স্থানীয় দূর্লভপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে শিবগঞ্জের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে কেন্দ্রটির ফলাফল ঘোষণা পর জগন্নাথপুর এলাকায় জামায়াত কর্মী বাবর আলীর নেতৃত্বে একটি উস্কানিমূলক মিছিল বের করা হয়। এ সময় মিছিলটি থেকে বিএনপি নেতাকর্মীদের ওপর ইট-পাটকেল ছোড়া হয়।

তিনি আরও বলেন, পরদিন ১৩ ফেব্রুয়ারি সকালে জগন্নাথপুর বাজার মোড়ে আবারও উস্কানিমূলক স্লোগান দেয় জামায়াতের নেতাকর্মীরা। এক পর্যায়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হলে ফের বাবর আলীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনায় বিএনপির ৮-১০ জন নেতাকর্মী আহত হলে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

তিনি দাবি করেন, জামায়াতের লোকজনই তাদের বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করে বিএনপির ওপর দোষ চাপানোর অপচেষ্টা করা হচ্ছে। এমনকি বাবর আলী বা তার পরিবারের সদস্যরা বিএনপির রাজনীতির সাথে জড়িত নয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহত ছাত্রদলকর্মী শাহিন রেজা, আপেল মাহমুদ, নাজির আলী ও বিএনপি কর্মী আনারুল ইসলামসহ অন্যরা। এদিকে বিএনপির অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম।