ঢাকা | ফেব্রুয়ারী ১২, ২০২৬ - ৩:১৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি শেষ: ৩টি আসনে ১৬ প্রার্থী, হাড্ডাহাড্ডি লড়াই

  • আপডেট: Thursday, February 12, 2026 - 12:05 am

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে জেলা রির্টানিং অফিসারের কার্যালয়। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার সময় কেন্দ্রওয়ারী ব্যালট পেপার, ব্যালট বক্সসহ অন্যান্য সরঞ্জাম সরবরাহ প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসরারা এসব সরঞ্জাম বুঝে নিয়েছেন। এরপর পুলিশি পাহারায় নিয়ে যাওয়া হয় নির্ধারিত কেন্দ্রে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে প্রার্থীরা হচ্ছেন, শাহাজাহান মিঞা (বিএনপি), কেরামত আলী (জামায়াত), নবাব শামসুল হোদা (ইসলামী ফ্রন্ট), আফজাল হোসেন (জাতীয় পাটি), মনিরুল ইসলাম (ইসলামী আন্দোলন) ও আব্দুল হালিম (মুক্তিজোট)। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে আমিনুল ইসলাম (বিএনপি), ড. মিজানুর রহমান (জামায়াত), খুরশিদ আলম বাচ্চু (জাতীয় পাটি), সাদেকুল ইসলাম (কমিউনিষ্ট পাটি) ও ইব্রাহিম খলিল (ইসলামী আন্দোলন)। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে হারুনুর রশিদ (বিএনপি), নুরুল ইসলাম বুলবুল (জামায়াত), ফজলুর ইসলাম খাঁন সুমন (জেএসডি), শফিকুল ইসলাম (গণ অধিকার পরিষদ) ও মনিরুল ইসলাম (ইসলামী আন্দোলন)।

জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ জানান, ভোট আয়োজন নিয়ে তাদের প্রস্তুতি খুব ভালো। পরিবেশও সন্তোষজনক আছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১৫ প্লাটুন বিজিবি, ১০৭২ জন পুলিশ, সেনাবাহিনীর ১৭টি দল, ২২ জন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি র‌্যাব, ভ্রাম্যমাণ আদালত, সহ নির্বাচন অনুসন্ধান কমিটি মাঠে কাজ করবে।

তিনি আরো জানান, জেলার মোট ভোটারের সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ২০ হাজার ৭৮৯, নারী ৭ লাখ ৮ হাজার ৮৭০ এবং তৃতীয় লিঙ্গের ১ জন। আর মোট ৫১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টি ঝুকিঁপূর্ণ।

সাধারণ ভোট কেন্দ্রে ২ জন সশস্ত্রসহ ১৩ আনসার-ভিডিপি, একজন পুলিশ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২জন সশস্ত্রসহ ১৩ আনসার-ভিডিপি, ৩ জন পুলিশ প্রহরায় থাকবে। চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আর তিনটি আসনেই বিএনপি এবং জামায়াতের প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।