ঢাকা | ফেব্রুয়ারী ১২, ২০২৬ - ৩:১৮ পূর্বাহ্ন

রাণীনগরে বসত বাড়িতে চুরি

  • আপডেট: Thursday, February 12, 2026 - 12:02 am

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক অসহায় শ্রমজীবী মানুষের বসত বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকায় চোরেরা ঘরের তালা ভেঙে কাঁসার থালা বাসন, নগদ টাকাসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।

জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দুপাড়া গ্রামের যতিন মালির ছেলে কোমল মালির বাড়িতে মঙ্গলবার মধ্য রাতে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ করে ঘর থেকে কাঁসার থালা-বাটি, রান্না ঘরের জিনিসপত্র, নগদ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।

যার আনুমানিক মূল্য প্রায় ৮০হাজার টাকা হবে বলে গৃহকর্তা কোমল মালি জানান। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার হতাশাগ্রস্ত হয়ে আতঙ্কে ভুগছেন।

কোমল মালি জানান, ঘটনার রাতে আমি বাড়িতে ছিলাম না ছেলের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বাড়িতে কেউ না থাকার সুযোগ বুঝে তালা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা, থালা-বাটি, গ্যাসের চুলা, সিলেন্ডারসহ বাড়ির প্রয়োজনীয় কাজের সব কিছু নিয়ে গেছে। এমনকি আমার রান্না করার জিনিসপত্র নেই।

গতকাল বুধবার সকালে খবর পেয়ে বাড়িতে এসে চুরির ঘটনা জানতে পারি। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানিয়েছি। রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বাবলু কুমার পাল জানান, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে জানলাম এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। তার পরও আমরা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবো।