ঢাকা | ফেব্রুয়ারী ১০, ২০২৬ - ৪:২৪ পূর্বাহ্ন

চাঁপাই ও ঈশ্বরদীতে অভিযান: বোমা তৈরির সরঞ্জাম, গুলিসহ পিস্তলের ম্যাগাজিন উদ্ধার

  • আপডেট: Tuesday, February 10, 2026 - 12:59 am

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নাশকতা করতে সংগ্রহে রাখা বোমা তৈরির উপকরণ ৬ কেজি ২৭০ গ্রাম গান পাউডার ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। অন্যদিকে, ঈশ্বরদীতে অভিযান চালিয়ে আধুনিক রাইফেলের ২৪ রাউন্ড তাজা ও একটি পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, গত রোববার রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আসাদুল মণ্ডলের সরিষা খেতের ভেতর থেকে একটি প্লাস্টিকের বস্তার ওপর তিনটি আলাদা-আলাদা পলিথিনের প্যাকেটে মোড়ানো এসব গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‌্যাব। র‌্যাব-০৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ টহল বিশেষ অভিযান পরিচালনা করে এসব বোমা তৈরির উপকরণ উদ্ধার করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সরিষা খেতের ভেতর মেহগনি গাছের নিচে সন্দেহজনক অবস্থায় প্লাস্টিকের বস্তার ওপর কয়েকটি পলিথিনের ব্যাগ উদ্ধার করা হয়। এরমধ্যে একটি ব্যাগ থেকে ৬ কেজি ২৭০ গ্রাম গান পাউডার এবং অন্য ব্যাগগুলো থেকে এক কেজি ৭০০ গ্রাম ছোট পাথর, ১ কেজি ৪০০ গ্রাম কাঁচের গুড়া, ৩৮৫ গ্রাম লোহার পেরেক, ১২টি লাল রংয়ের কসটেপ, ৩১টি প্লাস্টিকের জর্দার কৌটা, ২৯টি গ্যাস লাইটার পাওয়া যায়। আসন্ন নির্বাচনে নাশকতা করতেই বোমা তৈরির এসব সরঞ্জাম ও উপকরণ ব্যবহার করা হতো বলে প্রাথমিকভাবে ধারণা র‌্যাবের। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে এসব গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, গত রোববার রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পানি সরবরাহের জন্য নির্মাণাধীন ওয়াসার প্রকল্পে কর্মরত শ্রমিকদের আবাসিক কক্ষে অভিযান চালিয়ে গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় ওয়াসার সাব ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক গোলাম কিবরিয়া শাকিলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করে অস্ত্র মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন পাকশী ফাঁড়ি পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম। শাকিলের বাড়ি পাবনার চরতারাপুর ইউনিয়নের বাঙ্গিডাঙ্গা গ্রামে। তিনি রূপপুর পারমাণবিক প্রকল্পে পানি সরবরাহের জন্য নির্মাণাধীন ওয়াসার প্রকল্পের সাব ঠিকাদারি একটি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। প্রকল্পের সাব ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক প্রত্যক্ষদর্শী মামুন হোসেন বলেন, আমাদের কোম্পানির ম্যানেজার শাকিলের নিকট প্রায়ই বাইরের লোকজন আসতেন। ঘটনার সময় অজ্ঞাত দুজনকে সঙ্গে নিয়ে শাকিল তার ঘরে আসেন। এর কিছুক্ষণ পরই ঘরের ভেতর থেকে গুলির শব্দ শোনা যায়। তারপর শাকিলসহ অজ্ঞাত দুজনকে নিয়ে আগ্নেয়াস্ত্রসহ ঘর থেকে বের হয়ে চলে যান। পরে পুলিশ এসে শাকিলের ঘর তল্লাশি করে রাইফেলের ২৪টি গুলি ও পিস্তলের একটি ম্যাগাজিন উদ্ধার করে।

এলাকাবাসী জানান, নির্বাচনের আগে রাতে পাকশীর আবাসিক এলাকায় গুলির শব্দে তারা আতংকিত হয়ে পড়েন। স্থানীয় রাজনৈতিক দলের মধ্যে গ্রুপিং দ্বন্দ্বে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ্বরদী ইপিজেডের ব্যবসা কেন্দ্র দখল, আধিপত্য বিস্তারসহ জমি দখল, চাঁদাবাজির ঘটনায় মাঝেমধ্যেই পাকশীতে অস্ত্রের মহড়া, গুলাগুলি, হামলা, মামলার ঘটনা ঘটে আসছিল। নির্বাচনের আগে পাকশীতে আধুনিক রাইফেলের গুলি বর্ষণ, ২৪ রাউন্ড তাজা গুলি ও পিস্তলের ম্যাগাজিন উদ্ধারের ঘটনাটি পাকশীসহ পাশেপাশের মানুষকে আতংকগ্রস্থ করেছে বলে এলাকাবাসীর দাবি।

পাকশী ফাঁড়ি পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ওয়াসার প্রকল্প থেকে অধ্যাধুনিক রাইফেলের ২৪ রাউন্ড গুলি, পিস্তলের একটি ম্যাগাজিন উদ্ধারের বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট নয়। আলামত দেখে ধারণা করা হচ্ছে তারা দীর্ঘদিনের অস্ত্রধারী সন্ত্রাসী। ঘটনার সময় ইয়াবা সেবনকালে তাদের রাইফেল থেকে গুলির বিস্ফোরণ ঘটে। এরপর তারা পালিয়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অত্যাধুনিক রাইফেলের ২৪ রাউন্ড তাজাগুলি, একটি পিস্তলের ম্যাগাজিনসহ ইয়াবা সেবনের আলামত উদ্ধার করা হয়। এই বিষয়ে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের গ্রেপ্তারসহ অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে। এ ব্যাপারে বারবার চেষ্টা করেও সহকারী রিটার্নিং কর্মকর্তা ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।