ঢাকা | ফেব্রুয়ারী ৩, ২০২৬ - ৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

বাংলাদেশে জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠন হতে যাচ্ছে: আলী রীয়াজ

  • আপডেট: Tuesday, February 3, 2026 - 12:39 am

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাজনৈতিক সরকার গঠন হতে যাচ্ছে, সবার সহযোগিতা প্রয়োজন। ৩০টি রাজনৈতিক দলের সাথে দীর্ঘ ৯ মাস আলোচনা করার পরেও গণভোট প্রয়োজন কেন? কারণ সবাই রাজনৈতিক দল না, এর বাহিরেও অনেক মানুষ রয়েছে। এই সুযোগ এতো হেলায় কাটানো যাবে না, অনেক সংগ্রামের পর আমরা এই যায়গায় এসেছি। এবার সুযোগ এসেছে বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক জবাবদিহিমূলক দেশ গড়ে তোলার।

গতকাল সোমবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে আয়োজিত গণেভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক আলী রীয়াজ বলেন, আগামী ৭দিনে কি করা দরকার আমি আজকে এটাই বলবো। উত্তরবঙ্গে ১০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে দেড় লাখ শিক্ষার্থী পড়াশোনা করে। এই দেড় লাখ শিক্ষার্থী যদি ৫ জন করেও গ্রামাঞ্চলের মানুষকে গণভোট সম্পর্কে জানায় তাহলে এটি খুব একটা দুরূহ কাজ নয়। যারা বলছেন এসি রুমে বসে গণভোট নিয়ে কি করা যাবে তাদের সাথে আমি একমত। আপনারাও উদ্যোগ নেন, বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ হতে উদ্যোগ নেনম জনগণকে বুঝান যে গণভোটের পক্ষে যেন থাকে।

তিনি বলেন, গণভোট নিয়ে ১৩ নভেম্বর আদেশ জারি করে খুব অল্প সময়ের মধ্যে প্রচার শুরু করি। আজকে এখানে যারা উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে বলি গণভোটকে শুধু অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মনে করবেন না। বাংলাদেশের মানুষ কি পরিমাণ অন্যায় অত্যাচার সহ্য করেছে তা আমরা জানি। গত ১৫ বছর সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। তার সবচেয়ে বড় কারণ শেখ হাসিনা চায়নি আপনি-আমি ভোট দেই। এ কারণেই জুলাই জাতীয় সনদে বলা হয়েছে পরবর্তী কোনো নির্বাচন করা হলে ক্ষমতাসীন সরকার ও দুই বিরোধী সরকার একত্র হয়ে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

আলী রীয়াজ বলেন, আজকের এই দিনে এসেও পিএসসি স্বাধীন না। হালের গরু বিক্রি করে একজন বাবা কষ্ট করে তার সন্তানকে পড়াশোনা করায় কিন্তু ছাত্রলীগের কারণে তার সরকারি চাকরির মুখ আর দেখা হয়নি। দুর্নীতি দমন কমিশনকে বিরোধী সরকার দমন কমিশন গঠন করা হয়েছিল। যেটা করার দরকার অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে দীর্ঘ ৯ মাস সময় নিয়ে নির্বাচনের ব্যবস্থা করে দিয়েছে। বাকিটা আপনারা, জনগণের ইচ্ছায় আগামীর সরকার হবে। সংবিধানটাকে ছেলেখেলা বানানো হয়েছে। বাংলাদেশ পরিবর্তন হতে চায় এর সবচেয়ে দারুণ উদাহরণ হলো তরুণরা জুলাইতে মাঠে নেমে এসেছে। যদি আমি আপনি এই জুলাই শহীদদের কোনো দায় অনুভব করি তাহলে গণভোট নিয়ে সবাইকে জানান। রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর খাদেমুল ইসলাম মোল্যা, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এম ছায়েদুর রহমান, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সাকিব আনজুমের পিতা মাইনুল হক, আহত জুলাই যোদ্ধা হাফিজুল ইসলাম (চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ), বিশিষ্ট সমন্বয়ক মেহেদী হাসান সজীব (সমাজকর্ম বিভাগ), সালাহউদ্দিন আম্মার (ইসলামিক স্টাডিজ বিভাগ), শাহরিয়ার (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়), সাফিন (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), মাহিন (এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়), শোভা (বরেন্দ্র বিশ্ববিদ্যালয়) প্রমুখ বক্তব্য রাখেন। রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন সভায় স্বাগত বক্তৃতা দেন। রাবি ছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রতিনিধিবৃন্দ এই মতবিনিময়ে উপস্থিত ছিলেন। রাবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন।