ঢাকা | নভেম্বর ২৩, ২০২৬ - ১১:০৩ অপরাহ্ন

শিরোনাম

১০১ হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের হাতে ফেরত দিল আরএমপি

  • আপডেট: Monday, November 23, 2026 - 10:38 pm

স্টাফ রিপোর্টার: হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে এসব ফোন উদ্ধার করা হয়।

সোমবার বিকেলে আরএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার করা এসব ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন মালিকেরা। এ সময় তাঁরা আরএমপি ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ফোন ফিরে পাওয়া রুমা খাতুন জানান, প্রায় এক বছর আগে তাঁর মোবাইল ফোন ছিনতাই হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় জিডি করেছিলেন তিনি। দীর্ঘদিন পর ফোন ফিরে পাওয়ার আশা ছেড়ে দিলেও পুলিশের কাছ থেকে উদ্ধারের খবর পেয়ে আনন্দিত হন। জিনিয়া আফরোজ শারমিন জানান, প্রায় দুই বছর আগে ট্রেনে যাতায়াতের সময় তাঁদের একটি ফোন হারিয়ে যায়। দীর্ঘদিন পর ফোনটি উদ্ধারের খবর পেয়ে পুলিশের প্রতি আস্থা আরও বেড়েছে বলে জানান তিনি।

একইভাবে মো. মাহমুদ শরীফ কর্মস্থল থেকে হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে পুলিশের আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রমের প্রশংসা করেন। অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, আধুনিক যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। ফোন হারিয়ে গেলে আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যক্তিগত তথ্য, যোগাযোগ ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। তাই হারানো ফোন শনাক্ত ও উদ্ধারে আধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশ কাজ করছে।

তিনি বলেন, একই আইএমইআই নম্বর একাধিক ফোনে ব্যবহার, মালিকের কাছে আইএমইআই নম্বর সংরক্ষিত না থাকা এবং চুরি হওয়া ফোন দেশের বাইরে পাচার হওয়ার কারণে উদ্ধার কার্যক্রমে নানা জটিলতা রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেও আরএমপি শতাধিক মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। নাগরিকদের হাটবাজার, গণপরিবহন ও জনসমাগমস্থলে সতর্ক থাকার পাশাপাশি মোবাইল ফোনের আইএমইআই নম্বর সংরক্ষণের আহ্বান জানান পুলিশ কমিশনার।

তিনি বলেন, জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হারানো সম্পদ উদ্ধারে আরএমপির প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার মো. দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।