রুয়েট মাঠে ‘লিগ্যাসি অব দ্বীন কনফারেন্স’, বক্তা শায়খ আহমাদুল্লাহ
স্টাফ রিপোর্টার: ক্যাম্পাসে দ্বীনি মূল্যবোধ ও নৈতিকতার উত্তরাধিকার রেখে যেতে আগামী ২ ডিসেম্বর রুয়েট কেন্দ্রীয় মাঠে ‘লিগ্যাসি অব দ্বীন কনফারেন্স ২০২৬’ আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের বিদায়ী ব্যাচ ‘ফাতিহ’২১’। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
প্রযুক্তি ও প্রকৌশলবিদ্যার উৎকর্ষের পাশাপাশি তরুণদের ঈমানি চেতনা, আত্মশুদ্ধি, নৈতিকতা ও দ্বীনি জীবনবোধে উদ্বুদ্ধ করাই এ সম্মেলনের মূল লক্ষ্য। দ্বীনকে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে উপলব্ধি করা এবং ইসলামি জ্ঞান ও বিশ্বাসের ভিত্তিতে এমন একটি প্রজন্ম গড়ে তোলার প্রত্যাশা করছেন আয়োজকরা, যারা ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজ ও কর্মক্ষেত্রেও ইসলামি মূল্যবোধের প্রতিফলন ঘটাবে। আয়োজক ব্যাচ ‘ফাতিহ’২১’-এর নামকরণেও রয়েছে ঐতিহাসিক প্রেরণা।
মাত্র ২১ বছর বয়সে সুলতান মুহাম্মদ আল-ফাতিহ (রহ.)-এর দৃঢ় ঈমান ও দূরদর্শিতার দৃষ্টান্ত থেকে অনুপ্রাণিত হয়ে ব্যাচটির এ নামকরণ করা হয়। বিদায়ী ব্যাচ হিসেবে ক্যাম্পাসে কেবল স্মৃতিচিহ্ন নয়, বরং আগামী দিনের শিক্ষার্থীদের দ্বীনি চেতনা ও কল্যাণমুখী জীবনবোধে অনুপ্রাণিত করার মতো কিছু রেখে যাওয়ার ভাবনা থেকেই সম্মেলনটির উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজক কমিটির প্রতিনিধিরা জানান।
আয়োজক কমিটির পক্ষ হতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেওয়ান মো. নাফিস ইকবাল বলেন, “কোনো ক্ষণস্থায়ী কোলাহল বা অর্থহীন আয়োজনের ভিড়ে হারিয়ে না গিয়ে, প্রযুক্তি ও প্রকৌশলবিদ্যার উৎকর্ষের পাশাপাশি রবের সঙ্গে বান্দার সম্পর্ককে আরও গভীর করা এবং ক্যাম্পাসে একটি সুস্থ, পরিশুদ্ধ ও স্থায়ী দ্বীনি সংস্কৃতির উত্তরাধিকার তৈরি করাই আমাদের এই সম্মেলনের মূল লক্ষ্য। আমাদের অগ্রজ আবাবিল’১৯ ও সালসাবিল’২০ যে কল্যাণময় ধারার সূচনা করেছিলেন, আমরা কেবল সেই আমানতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার বিনীত প্রচেষ্টা করেছি।”
বর্তমান সময়ে তরুণদের মধ্যে আত্মিক প্রশান্তি, নৈতিক দৃঢ়তা ও জীবনের উদ্দেশ্য নিয়ে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দিচ্ছেন আয়োজকরা। তাঁদের মতে, আজকের এই অস্থির সময়ে প্রকৌশলবিদ্যার জটিল সমীকরণ ও পেশাগত সাফল্যের প্রতিযোগিতার মাঝে বস্তুবাদী চিন্তা এবং নানামুখী অপসংস্কৃতির প্রভাব তরুণ প্রজন্মকে কখনো কখনো তাদের প্রকৃত লক্ষ্য ও আত্মিক প্রশান্তি থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এ বাস্তবতায় ঈমানি চেতনা, আত্মশুদ্ধি, তাকওয়া ও চারিত্রিক সততার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি জ্ঞান ও মূল্যবোধের সমন্বয় ঘটাতে সম্মেলনটি ভূমিকা রাখবে বলে তাঁদের প্রত্যাশা।











