বিপন্ন পাখি শকুনের সংখ্যা দেশে এখন ২৪৮টি
সোনালী ডেস্ক: প্রাকৃতিক ঝাড়ুদার হিসেবে খ্যাত শকুনের সংখ্যা চার দশক আগেও ছিল প্রায় অর্ধলাখ। সেই মহাবিপন্ন পাখি শকুনের সংখ্যা দেশে এখন দাঁড়িয়েছে মাত্র ২৪৮টিতে। তাও সহসা চোখে পড়ছে না।
শকুন রক্ষা ও তার বংশবৃদ্ধির লক্ষ্যে অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রথম সুন্দরবনে জাহাজে বসছে ‘এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট’—সেভিং এশিয়াস ভালচার্স ফ্রম এক্সটিংশন (সেভ) -এর ২০২৬ সালের বার্ষিক সভা। আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার তিন দিনব্যাপী এ সভার আয়োজন করেছে বাংলাদেশ বন বিভাগ। সভায় এশিয়ার ছয় দেশসহ বিশ্বের ১০টি দেশের ৩০ জন প্রাণী গবেষক ও সরকারি প্রতিনিধি অংশ নেবেন বলে জানা গেছে।
এ সভার উদ্বোধন করবেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম। বন বিভাগ সূত্রে জানা যায়, এশিয়ায় এখন মহাবিপন্নের পথে প্রাকৃতিক ঝাড়ুদার হিসেবে খ্যাত পরিবেশ রক্ষাকারী পাখি শকুন। চার দশক আগেও এ দেশে শকুনের সংখ্যা ছিল প্রায় অর্ধলক্ষ। এশিয়া মহাদেশে শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও শকুনের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় ‘এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট’ (সেভ) । এশিয়ার বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও সংখ্যা পুনরুদ্ধারে কাজ করছে।
আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ বর্ণ বিভাগ সুন্দরবনে এবার জাহাজে এ সভার আয়োজন করেছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার (আইইউসিএন) প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দিপু জানান, মহাবিপন্ন পাখি শকুনের বিলুপ্তি ঠেকাতে ‘সেভিং এশিয়াস ভালচার্স ফ্রম এক্সটিংশন’ (সেভ) ২০১১ সাল থেকে কাজ করছে। ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে ‘সেভিং এশিয়াস ভালচার্স ফ্রম এক্সটিংশন’ (সেভ) -এর বার্ষিক সভা হয়েছিল। ২০২৫ সালে কম্বোডিয়ায় এ সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
২০২৬ সালের ‘সেভ’-এর বার্ষিক সভা সুন্দরবনে জাহাজে বসে অনুষ্ঠিত হবে। আগামী বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠেয় সভায় বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, ইংল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুর ও কানাডার ৩০ জন প্রাণী গবেষক ও সরকারি প্রতিনিধি অংশ নেবেন। সভায় এশিয়ায় শকুন সংরক্ষণের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে শকুনের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ নিয়ন্ত্রণ, শকুন-নিরাপদ অঞ্চল গড়ে তোলা, শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন ও প্রকৃতিতে অবমুক্তকরণ এবং আন্তদেশীয় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।
বাংলাদেশে মহাবিপন্নের পথে থাকা শকুনের সংখ্যা এখন ২৪৮টি জানিয়ে আইইউসিএনের প্রোগ্রাম ম্যানেজার আরও বলেন, সুন্দরবনের ঢাংমারী, ঘাগড়ামারী, লাউডোবসহ সুন্দরবনের বিভিন্ন স্থানে শকুন দেখা যায়। আগামী বুধবার সুন্দরবনের জাহাজে অনুষ্ঠিত এ বার্ষিক সভার উদ্বোধন করবেন বণ, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম। বাংলাদেশ বণ বিভাগের প্রধান বণ সংরক্ষক (সিসিএফ) আমির হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় বণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে প্রোগ্রাম ম্যানেজার জানিয়েছেন।
সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বর্ণ সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, শকুন রক্ষায় ‘সেভিং এশিয়াস ভালচার্স ফ্রম এক্সটিংশন’-এর ২০২৬ সালের বার্ষিক সভা এই প্রথম সুন্দরবনে হচ্ছে। এটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এই সভা থেকে শকুন রক্ষা ও তার বংশবৃদ্ধিতে বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা ও সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।











