ঢাকা | নভেম্বর ২৩, ২০২৬ - ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম

বাসা ঘেরাও ও বিক্ষোভের জেরে মহানগর যুবদলের পদায়ন বাতিল

  • আপডেট: Monday, November 23, 2026 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: ক্ষুব্ধ নেতাকর্মীদের বিক্ষোভ ও শীর্ষ নেতাদের বাসা ঘেরাওয়ের পর রাজশাহী মহানগর যুবদলের পদায়ন সিদ্ধান্ত বাতিল করেছে কেন্দ্রীয় যুবদল। গত রোববার রাতে পদবঞ্চিত নেতাদের বিক্ষোভের মুখে আগের সিদ্ধান্ত বাতিল করে সংবাদ বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় যুবদল।

এর আগে গত শনিবার কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর কমিটিতে নতুন করে ১৩ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্তি এবং কয়েকজনকে অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়। বিএনপিতে যোগদান ও মৃত্যুজনিত কারণে সৃষ্ট শূন্য পদ পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছিল।

তবে তালিকা প্রকাশের পরই সংগঠনের একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ নিয়ে শনিবার রাতে মহানগর যুবদলের সভাপতি শরিফুল ইসলাম জনি ও সদস্যসচিব রফিকুল ইসলাম রবির বাসা ঘেরাও করে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। পরদিন রোববার বিকালেও তারা বিক্ষোভ মিছিল করেন। এরপর রাতেই ১৩ নেতাকে বিভিন্ন পদে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিল করা হয়।