নগরীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজশাহী মহানগরীতে মো. হাসিবুল ইসলাম ওরফে পলাশ (৩৩) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপি মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান।
গত রোববার গভীর রাতে প্রায় সাড়ে ৩টার দিকে শাহমখদুম থানাধীন দক্ষিণ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাসিবুল ইসলাম দক্ষিণ নওদাপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। তিনি কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ১৭ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর শাহমখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনের ৬(১)(ক)-এর (ই), ৬(১)(ক)-এর (ঈ), ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা ৮ নম্বর মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে হাসিবুলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।











