ঢাকা | নভেম্বর ২৩, ২০২৬ - ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম

অফিস সময়ের বাইরেও গবেষণায় সময় দিন: রুয়েট উপাচার্য

  • আপডেট: Monday, November 23, 2026 - 10:31 pm

স্টাফ রিপোর্টার: পাঠদানের পাশাপাশি গবেষণায় অন্তত ২৫ শতাংশ সময় দেয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

সোমবার নবনিযুক্ত ৪৭ জন প্রভাষকের সপ্তাহব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষকদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, “একজন শিক্ষকের দায়িত্ব ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিসে কাজ করার মধ্যে সীমাবদ্ধ নয়।

আপনাদেরকে পড়াশোনার ও পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে। আমরা চাইব, আপনারা অন্তত ২৫ শতাংশ সময় গবেষণা কাজে ব্যয় করেন। আর এর মধ্য দিয়েই আমরা একই সঙ্গে পাঠদানের উৎকর্ষের পাশাপাশি গবেষণাতেও সাফল্য অর্জন করতে পারব।” প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এই ট্রেনিং সেশনের আয়োজন করে প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি)।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সুসম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য রয়েছে টিচিং লার্নিং প্রসেস। শিক্ষক হওয়ার পর নিজের ম্যানার এবং স্পিচকে পুনর্মূল্যায়ন করতে হবে। শিক্ষার্থীদের প্রশ্ন করার জন্য উৎসাহিত করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ ক্যাম্পেইন শিক্ষকদের জন্য গুরুত্ব বহন করে। এই ফাউন্ডেশন প্রোগ্রামের মাধ্যমে নবনিযুক্ত শিক্ষকবৃন্দ রুয়েটের শিক্ষার মানকে আরও উপরে নিয়ে যেতে সহযোগিতা করবেন।”

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আল-আমিন-আল-আজাদউল ইসলাম।