ঢাকা | নভেম্বর ২৩, ২০২৬ - ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম

গণপরিবহনে যৌন হয়রানি বন্ধে শ্রমিক প্রতিনিধিদের ওরিয়েন্টেশন

  • আপডেট: Monday, November 23, 2026 - 10:18 pm

স্টাফ রিপোর্টার: গণপরিবহনে নারীদের প্রতি যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং কার্যকর অভিযোগ গ্রহণ সুরক্ষিত গণপরিবহন গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীতে নবনির্বাচিত সড়ক পরিবহন শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজশাহীর একটি রেস্টুরেন্টে রাজশাহী জেলা সড়ক পরিবহন মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। ব্র্যাকের শিখা প্রকল্পের সড়ক নিরাপত্তা কর্মসূচির আওতায় আয়োজিত এ ওরিয়েন্টেশনে পরিচালনা করেন প্রকল্পের প্রজেক্ট লিড নাজমুল হক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ট্রাফিক ইনচার্জ সুকান্ত মিত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সড়ক পরিবহন মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস, সড়ক নিরাপত্তা কর্মসূচির রাজশাহী ফিল্ড কো-অর্ডিনেটর পংকজ কুমার বিশ্বাস, মিতা সরকার প্রমুখ।

‘গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর অভিযোগের পদ্ধতি ও ব্যবস্থাপনা’ বিষয়ক এ ওরিয়েন্টেশনের মূল লক্ষ্য ছিল সড়ক, গণপরিবহন ও জনসমাগমপূর্ণ স্থানে নারীদের প্রতি যৌন হয়রানি প্রতিরোধে শ্রমিক প্রতিনিধিদের সচেতনতা, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি করা। ওরিয়েন্টেশনে গণপরিবহনে নারীদের প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি কমাতে কার্যকর অভিযোগ গ্রহণ, ব্যবস্থাপনা ও প্রতিবেদন তৈরির পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নারী যাত্রীদের জন্য নিরাপদ ও নারীবান্ধব যাত্রীসেবা নিশ্চিত করা, হয়রানির শিকার ব্যক্তিদের অভিযোগ জানানোর সুযোগ তৈরি এবং অভিযোগ গ্রহণের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা সৃষ্টি, অভিযোগ গ্রহণের সুনির্দিষ্ট পদ্ধতি চালু এবং এ বিষয়ে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিক প্রতিনিধি, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, পুলিশ প্রশাসন, স্থানীয় সরকার ও নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ এবং অভিযোগ জানানোর কার্যকর পরিবেশ গড়ে তুলতে হবে। ওরিয়েন্টেশনে গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের অভিযোগ জানানোর কার্যকর ও নিরাপদ পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেয়া হয়।

সোনালী/জগদীশ রবিদাস