ঢাকা | নভেম্বর ১১, ২০২৬ - ১০:৪৬ অপরাহ্ন

শিরোনাম

রাবি ভর্তি পরীক্ষা শুরু ১২ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর

  • আপডেট: Wednesday, November 11, 2026 - 10:25 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন প্রক্রিয়া শুরু হবে চলতি মাসের ১৫ নভেম্বর এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্যটি নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি যুদ্ধ শুরু হবে।

এরপর ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের বিষয়ে উপাচার্য জানান, তাঁদের ফলাফল প্রকাশের পর আবেদনের জন্য আলাদাভাবে অতিরিক্ত ৫ থেকে ৭ দিন সময় বাড়ানো হবে।

আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ এবং দুটি মিলিয়ে মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।

অন্যদিকে, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হবে।

সোনালী/জগদীশ রবিদাস