রাজশাহীতে আরএমপির অভিযানে গ্রেপ্তার, ২০ মাদকসহ জালে ৬
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে গ্রেপ্তার হওয়াদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি ও মাদকসেবী রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৬ জন, মাদক মামলার ৫ জন এবং অন্যান্য মামলায় আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬:
এদিকে মহানগরীর বিভিন্ন থানায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন মাদক কারবারি এবং চারজন মাদকসেবী। মঙ্গলবার (১০ নভেম্বর) নগরীর পাঁচটি থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে। বেলপুকুর থানা পুলিশ মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তর কাজী পাড়া গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে নাজমুলকে (৩৪) ১৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। কাটাখালী থানা পুলিশ মঙ্গলবার সকালে কাপাসিয়ার চৌমহনী এলাকা থেকে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ছাদেক আলীকে (৪৯) গ্রেপ্তার করে।
এ ছাড়া মতিহার থানা পুলিশ সোমবার (৯ নভেম্বর) রাতে ধরমপুর দক্ষিণপাড়া থেকে আলী হাসান মো. মুজাহিদ (২০) ও মোহাম্মদ এজাজুলকে (৪০) ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মঙ্গলবার ভোরে মো. আরাফাত হোসেনকে (১৯) গাঁজা সেবনরত অবস্থায় এবং বোয়ালিয়া থানা পুলিশ সাগরপাড়া বটতলা থেকে মো. জুবায়ের হোসেন ওহিকে (২১) ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধেই সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোনালী/জগদীশ রবিদাস











