ঢাকা | নভেম্বর ১১, ২০২৬ - ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম

বরেন্দ্র অঞ্চলে পানি সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জরুরি

  • আপডেট: Wednesday, November 11, 2026 - 10:17 pm

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহানা আকতার জাহান। তিনি বলেছেন, প্রচলিত আইন মেনে দীর্ঘমেয়াদি, টেকসই ও কার্যকর উদ্যোগ নিতে হবে। জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বুধবার রাজশাহীর নানকিং দরবার হলে আয়োজিত বিভাগীয় গণতান্ত্রিক সংলাপ ও যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী ও নওগাঁ জেলায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় এনগেজ প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের আর্থিক সহায়তায় উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংলাপে রাজশাহী ও নওগাঁ জেলার ৪০ জন সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেন। তাঁরা জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে সৃষ্ট নানা সংকট তুলে ধরেন। এর মধ্যে রয়েছে পানির সংকট, বিকল্প পানির উৎসের অভাব, খাসপুকুর ভরাট ও ইজারা, অপরিকল্পিত সেচের মাধ্যমে ভূগর্ভস্থ পানির অপচয়, ইটভাটার দূষণ এবং পলিথিন ও প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার। এসব সমস্যা সমাধানে বিদ্যমান আইন ও নীতিমালার যথাযথ প্রয়োগের পাশাপাশি টেকসই উদ্যোগ গ্রহণের সুপারিশ করেন অংশগ্রহণকারীরা।

আলোচনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, ‘পানি সাশ্রয়ে ধানের পরিবর্তে কম পানিনির্ভর ফসল চাষের বিকল্প নেই। ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা নিয়ে গবেষণা করতে হবে। গবেষণার বাস্তব তথ্যের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করে সংকট সমাধানে এগোতে হবে।’

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদ বলেন, ‘পানি সংকট ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার সমস্যা মোকাবিলায় গভীর নলকূপ স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান আইন মেনে চলতে হবে।’

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মোস্তাফিজুর রহমান পানি সংকট মোকাবিলায় প্রাকৃতিক পানিচক্রের স্বাভাবিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডাসকো ফাউন্ডেশনের  প্রধান নির্বাহী কর্মকর্তা একরামুল হক খান। প্রকল্পের উদ্দেশ্য ও আলোচ্য বিষয় নিয়ে উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী রুহুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ফার্স্ট কাউন্সিলর ও গ্রিন ইকোনমি অ্যান্ড পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট বিভাগের প্রধান মি. তুবাইশ বেয়ারম্যান, ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার মিজ লুলে ভ্যালেন্টিনা লুচিজ এবং নেটজ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাক্স স্টাইলো।

অনুষ্ঠানে নেটজ বাংলাদেশের এনগেজ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সারা খাতুন, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম খানসহ রাজশাহীর সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।