ঢাকা | নভেম্বর ১১, ২০২৬ - ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু, চিকিৎসাধীন ১৭৯

  • আপডেট: Wednesday, November 11, 2026 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোসা. বুলু (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ডেঙ্গু হেমোরেজিক ফিভারে (ডিএইচএফ) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মোসা. বুলু রাজশাহী মহানগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে ডেঙ্গুতে আক্রান্ত অবস্থায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

বুধবার সকালে রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ সংবাদমাধ্যমকে জানান, ওই নারী ডেঙ্গু হেমোরেজিক ফিভারে আক্রান্ত ছিলেন এবং তার শরীরের বিভিন্ন স্থানে রক্তক্ষরণের উপসর্গও দেখা দিয়েছিল। চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

এদিকে রামেক হাসপাতালে ডেঙ্গুর সামগ্রিক পরিস্থিতি নিয়ে হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১৭৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সোনালী/জগদীশ রবিদাস