জন্ম-মৃত্যু নিবন্ধনে রাজশাহী জেলায় প্রথম বাগমারার ইউএনও
বাগমারা প্রতিনিধি: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে রাজশাহী জেলার মধ্যে প্রথম স্থান এবং রাজশাহী বিভাগে পঞ্চম স্থান অর্জন করেছেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।
সম্প্রতি জেলা ও বিভাগীয় পর্যায়ে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মূল্যায়ন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
জানা গেছে, বাগমারা উপজেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনের হার শতভাগে উন্নীত করা, অনলাইন কার্যক্রমে স্বচ্ছতা আনা এবং ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার দক্ষ নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপের ফলেই বাগমারা উপজেলা এই সাফল্য অর্জন করেছে।
এ বিষয়ে ইউএনও রিজু তামান্না বলেন, “এই অর্জন বাগমারা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা এবং উপজেলা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফসল। জন্ম-মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এটিকে আরও গতিশীল করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এদিকে ইউএনও রিজু তামান্নার এই অর্জনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে অভিনন্দন জানিয়েছেন।











