ঢাকা | অক্টোবর ৩০, ২০২৬ - ২:০১ পূর্বাহ্ন

শিরোনাম

রাবিতে ‘ইনসাইট ল্যাব’ উদ্বোধন ও প্রয়াত শিক্ষার্থীর স্মরণে শোকসভা

  • আপডেট: Thursday, October 29, 2026 - 11:16 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সস বিভাগে বৃহস্পতিবার ‘ইনসাইট ল্যাব’ উদ্বোধন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ল্যাবটি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর  ফরিদুল ইসলাম।

ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মো: মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। ল্যাবের পরিচালক প্রফেসর গোলবার হোসেন মাল্টিমিডিয়ার মাধ্যমে ল্যাবের কার্যক্রম সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান ও ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলমসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ওষুধের কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিরূপণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই ‘ইনসাইট ল্যাব’ ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন হিসেবে অনুমোদন পেয়েছে।

এদিকে, রাবিতে চেসি দে ত্রিপুরার স্মরণে শোকসভা:

রাজশাহী বিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের প্রয়াত শিক্ষার্থী চেসি দে ত্রিপুরার স্মরণে গতকাল বৃহস্পতিবার এক শোকসভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিভাগে অনুষ্ঠিত এ সভায় উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি প্রফেসর ইমতিয়াজ হাসানের সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, কৃষি অনুষদের অধিকর্তা প্রফেসর আরিফুর রহমান, প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান ও ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য তাঁর বক্তব্যে প্রয়াত চেসি দে ত্রিপুরাকে একজন কৃতী ও সম্ভাবনাময় শিক্ষার্থী উল্লেখ করে তাঁর অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সভায় প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও খ্রিস্টধর্মীয় রীতিতে প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বাগমারা থেকে রাজশাহী ফেরার পথে অটোরিকশাকে ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হন এবং ২২ অক্টোবর রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।