ঢাকা | অক্টোবর ৩০, ২০২৬ - ১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

কেশরহাট বাজার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

  • আপডেট: Thursday, October 29, 2026 - 10:47 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর বাজারের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় কেশরহাট পান বাজারে কেশরহাট বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কেশরহাট বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শরিফুল ইসলাম।

বাজারকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুশৃঙ্খল রাখতে ব্যবসায়ীদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। পাশাপাশি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা, বাজারের পরিবেশ রক্ষা এবং ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা, কেশরহাট প্রগতি সংঘের আহ্বায়ক ওসমান আলী, কেশরহাট পৌর জামায়াতে ইসলামীর আমির আব্দুল জলিল এবং জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার জেলা কর্মপরিষদ ও শুরা সদস্য এফ এম ইসমাইল আল হাসানী।

এ ছাড়া উপস্থিত ছিলেন কেশরহাট বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাচ্চু, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক মামুন অর রশিদসহ কেশরহাট বাজারের বিভিন্ন পট্টির ব্যবসায়ীরা।

সভায় বক্তারা বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করা এবং নির্ধারিত স্থানে বর্জ্য অপসারণের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল বাজার গড়ে তুলতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিকতা, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।