ঢাকা | অক্টোবর ২৮, ২০২৬ - ১২:৩১ পূর্বাহ্ন

লিটনসহ ৩৪ আসামির পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ

  • আপডেট: Tuesday, October 27, 2026 - 10:58 pm

স্টাফ রিপোর্টার: জুলাই আন্দোলন চলাকালে রাজশাহীতে দুজনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ পলাতক ৩৪ আসামির পক্ষে সরকারি খরচে আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই সঙ্গে এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৬ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মঈনুল করিম। শুনানির শুরুতে গ্রেপ্তার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তাঁরা হলেন—রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, জহিরুল ইসলাম রুবেল ও মোহাইমিনুল ইসলাম মানিক। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক স্বচ্ছ টাওয়ারের বিপরীতে লবঙ্গ রেস্টুরেন্টের সামনে রায়হান আলীকে এবং শাহ মখদুম কলেজের সামনে আনজুম সাকিবকে গুলি চালিয়ে হত্যা করা হয়।