ঢাকা | অক্টোবর ২৮, ২০২৬ - ১২:১১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের পরিচ্ছন্নতা কর্মসূচির নির্দেশ

  • আপডেট: Tuesday, October 27, 2026 - 10:47 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আগামী ১০ দিনের মধ্যে শহরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।

মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ মুসা জঙ্গীর সভাপতিত্বে জেলা উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগকে চাহিদাপত্র পাঠানোরও আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য কেরামত আলী, রাজশাহীর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকার, চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপি’র সদস্য সচিব  রফিকুল ইসলাম, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নববাবগঞ্জ পৌরসভার  প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ জমির হাসিবুস সাত্তার, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা। এর আগে প্রতিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

৪ দিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু

এদিকে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেজাউল করীম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গত চারদিনের ব্যবধানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলার তিন জনের মৃত্যু হয়েছে। এর আগে চাঁপাইনবাবগঞ্জের দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মঙ্গলবার মৃত রেজাউল করীম চাঁপাইনবাবগঞ্জ শহরের ১নং পৌর কলনীর লাল মোহাম্মদের ছেলে।

ডা. মাহবুব হাসান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেজাউল করীম সোমবার বেলা ১ টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হন। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছিলো। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে মারা যান তিনি।

এরআগে গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা ও কলেজছাত্র আব্দুল হাসিব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান মো. মুরশালিন নামে আরও একজন। মুরশালিন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাইকরতলা-কাঁঠালিয়াপাড়ার বাসিন্দা ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন একেএম শাহাব উদ্দীন বলেন, দুই মাসের বেশি সময় ধরে জেলায় ডেঙ্গু জ্বরের প্রকোপ চলছে। ডেঙ্গু প্রতিরোধে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।