ঢাকা | অক্টোবর ২৮, ২০২৬ - ১:০২ পূর্বাহ্ন

রাজশাহী কালচারাল একাডেমিতে স্থানীয় পরিচালক নিয়োগের দাবি

  • আপডেট: Tuesday, October 27, 2026 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন আদিবাসীরা।

তাঁদের দাবি, আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং বিকাশে এ জনগোষ্ঠীর মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে।

মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী বিভাগের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা সংরক্ষণে কালচারাল একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ জন্য সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্য থেকে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দেয়া প্রয়োজন।

এতে আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং বিকাশের কার্যক্রম আরও কার্যকর হবে। আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিকে দায়িত্ব দেয়া হলে একাডেমির কার্যক্রম পরিচালনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়বে। তাই রাজশাহী বিভাগের আদিবাসীদের মধ্য থেকে পরিচালক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাঁরা আহ্বান জানান।

মাহালি বাইসি পরিষদের সভাপতি সৃষ্টি টুডুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সংগঠনটির রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের শিলা মুর্মু, জীবন মুর্মু, বুদ্ধিনাথ হাঁসদা ও লিটন বিশ্বাস প্রমুখ। মানববন্ধন থেকে বক্তারা তাঁদের দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং রাজশাহী বিভাগের আদিবাসী জনগোষ্ঠীর মধ্য থেকে পরিচালক নিয়োগের দাবি জানান।