ঢাকা | অক্টোবর ২৫, ২০২৬ - ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম

কেশরহাটে সার নিতে কৃষকদের দুর্ভোগ

  • আপডেট: Sunday, October 25, 2026 - 10:18 pm

মোহনপুর প্রতিনিধি: মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় সার সংগ্রহ করতে গিয়ে ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ করেছেন কৃষকেরা। স্লিপ বিতরণ, সিরিয়াল অনুযায়ী সার সরবরাহ এবং সার না পাওয়া নিয়ে তাঁদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেশরহাট পৌরসভায় বিএডিসি অনুমোদিত সার ডিলার মেসার্স আশা ট্রেডার্সের সামনে গতকাল রোববার সকাল থেকেই সার সংগ্রহের জন্য কৃষকদের ভিড় জমতে থাকে। প্রতিষ্ঠানটির প্রোপাইটর আ. আজিজ। দোকানের সামনে কৃষকদের দাঁড়ানোর পর্যাপ্ত জায়গা না থাকায় পরবর্তী সময়ে কেশরহাট এনসিডিপি গ্রোয়ার্স মার্কেটে কৃষকদের মধ্যে সারের স্লিপ বিতরণ করা হয়।

কৃষকদের অভিযোগ, স্লিপ বিতরণ ও সিরিয়াল অনুযায়ী সার সরবরাহের ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি। অনেক কৃষক লাইনে দাঁড়িয়েও সার পাননি। এতে তাঁদের মধ্যে হতাশা ও অসন্তোষ দেখা দেয়। সার না পাওয়া কৃষকদের আগামী মঙ্গলবার সার দেয়া হবে বলে জানানো হয়। এ সময় তাঁদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কৃষকেরা।

এ বিষয়ে মেসার্স আশা ট্রেডার্সের প্রোপ্রাইটর আ. আজিজ বলেন, ‘আমরা ডিএপি ও এমওপি সার মোট ২২ টন কৃষকদের মধ্যে বিতরণ করেছি। আরও প্রায় ১০০ জনের মত কৃষকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেয়া হয়েছে। আগামীকাল আরও সার আসবে। তখন বাকি কৃষকদের মধ্যে এসব সার বিতরণ করা হবে।’

সার বিতরণের দিন গতকাল সোমবার দুপুর ১টার দিকে তাঁর প্রতিষ্ঠানের সামনে জাতীয় পরিচয়পত্রের ফটোকপিতে আগুন দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই সময় আমি কৃষি উপসহকারী কর্মকর্তা মেহেদি হাসানের সঙ্গে ছিলাম। যাঁদের সার দেয়া হয়ে গেছে, তাঁদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপিতে আগুন দিয়েছে আমার দোকানের কর্মচারী বেলাল হোসেন।’

সার বিতরণে কৃষকদের অভিযোগ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পোড়ানোর বিষয়ে মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “সকাল ১০টায় সার বিতরণের কথা ছিল। এর আগেই আমার কার্যালয়ের একজন কর্মকর্তা ঘটনাস্থলে যান এবং সার বিতরণের সময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। কৃষকদের মধ্যে সঠিকভাবে সার বিতরণের জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়েছে।

কৃষকদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পোড়ানোর বিষয়টি জানতে পেরে আমি তাৎক্ষণিকভাবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিককে ঘটনাস্থলে পাঠাই। এ ঘটনায় আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আজিজকে সতর্ক করা হয়েছে এবং তাঁকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।”