ঢাকা | অক্টোবর ২৬, ২০২৬ - ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু

  • আপডেট: Sunday, October 25, 2026 - 10:18 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় হাজেরা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে সদর উপজেলার লালাপাড়ায় দুর্ঘটনায় মারা যান তিনি। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি শাহিন আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।

নিহত হাজেরা বেগম জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর বাজারের মৃত ছনু মিয়ার স্ত্রী। তিনি ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, হাজেরা বেগম চিকিৎসা নিতে তার ভাই শাহজাহান আলীর মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসছিলেন। চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কের লালাপাড়ায় একটি ট্রলি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুই ভাই-বোন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাজেরাকে মৃত ঘোষণা করেন। আহত শাহজাহান আলীকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি শাহীন আকন্দ জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।