ঢাকা | অক্টোবর ২৫, ২০২৬ - ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী স্টেশনে যাত্রীদের টাকা ছিনতাই, আরএনবি সিপাহী বরখাস্ত

  • আপডেট: Saturday, October 24, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী রেলওয়ে স্টেশনে দুই ট্রেনযাত্রীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিপাহী আমিনুল ইসলাম পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই সিপাহী পলাতক রয়েছেন।

গত শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আরএনবির পশ্চিমাঞ্চল জোনের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম। ভুক্তভোগী দুই যাত্রী হলেন—কুমিল্লার মুরাদনগরের রুবেল (২৫) এবং নারায়গঞ্জের রূপগঞ্জের মো. অলিউল্লাহ।

অভিযোগ অনুযায়ী, গত বুধবার রাতে কুষ্টিয়া থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী স্টেশনে পৌঁছান তাঁরা। রাত বেশি হওয়ায় প্ল্যাটফর্মে বসে খাবার খাওয়ার সময় সিপাহী আমিনুল ইসলাম পলাশসহ অন্য দুজন তাঁদের কাছে গিয়ে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখান এবং জোরপূর্বক ১০ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেন।

ঘটনার রাতেই ভুক্তভোগীরা আরএনবির রাজশাহী স্টেশন চৌকির ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দেন। পরদিন বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সিপাহী বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করলেও যাত্রীরা রাজি হননি। এরপর থেকে তাঁর ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি স্টেশন ছেড়ে পালিয়ে যান। গত বৃহস্পতিবার রাতেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম জানান, “প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পূজার ছুটির পর আগামী রোববার (২৫ অক্টোবর) অভিযুক্ত সিপাহীকে তিন দিনের সময় বেঁধে দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সোনালী/জগদীশ রবিদাস