জামায়াতের মহানগর আমির নির্বাচনে সদস্য সম্মেলন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে মহানগরী আমীর নির্বাচনের উপলক্ষে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে রাজশাহীর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি।
রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম।
সম্মেলনে অতিথিবৃন্দ, নেতৃত্ব, নির্বাচন ও মহানগরীর সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে দায়িত্বশীল সদস্যদের যোগ্যতা, দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিক মানোন্নয়নের দিকনির্দেশনা দিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এসময় অতিথিবৃন্দ বলেন, আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে দায়িত্বশীলদের কাজ করতে হবে।
ঈমানের প্রকাশ মানুষের আচরণে ফুটে উঠবে, তাকে বিনয়ী, নম্র ও উদার হতে হবে। ইসলামের বিজয় বিনয়ের মাধ্যমেই অর্জিত হবে। তাকওয়াভিত্তিক জীবনযাপন, খারাপ কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহকে ভয় করে চলার পাশাপাশি কোনোভাবেই হারাম কাজের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, মহানগরীর অন্তর্ভুক্ত সাধারণ সদস্যগণের সরাসরি গোপন ভোটে আগামী দুই বছররের জন্য রাজশাহী মহানগর জামায়াতের আমীর নির্বাচিত হবেন।
সোনালী/জগদীশ রবিদাস











