ঢাকা | অক্টোবর ২৪, ২০২৬ - ২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মাইকিং, মান্দায় আটক ২

  • আপডেট: Friday, October 23, 2026 - 9:52 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: পতিত সরকারপ্রধান শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরছেন এমন প্রচার চালিয়ে নওগাঁর মান্দা উপজেলায় মাইকিং করার অভিযোগ উঠেছে আসলাম হোসেন টিপু নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় তারেক রহমান (১৬) এবং শহিদুল ইসলাম শহীদ (২৫) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। প্রচারণায় ব্যবহৃত একটি অটোচার্জারও জব্দ করা হয়েছে।

আটক তারেক রহমান উপজেলার কালিকাপুর ইউনিয়নের নলতৈড় গ্রামের রইছ উদ্দিন মোল্লার এবং শহিদুল ইসলাম শহীদ কাঁশোপাড়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের আব্দুল জলিল প্রামাণিকের ছেলে। পুলিশি অভিযানের সময় অটোচার্জারটির চালক কাবিল হোসেন পালিয়ে যান বলে জানা গেছে।

অভিযুক্ত আসলাম হোসেন টিপু (৩০) উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের গঙ্গারামপুর বাসাপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড় এলাকায় একটি অটোচার্জারে মাইকিং করে আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরছেন বলে প্রচার চালানো হয়। এ সময়ের প্রচারণার একটি ভিডিও ধারণ করে ‘আসলাম টিপু’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে দেওয়া হয়।

প্রকাশ্যে এ ধরনের প্রচারণা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৭ সেকেন্ডের একটি ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওটি নজরে আসার পর অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, এ ঘটনায় তারেক ও শহীদ নামে দুই তরুণকে আটক করা হয়েছে। প্রচারণায় ব্যবহৃত অটোচার্জারটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোনালী/জগদীশ রবিদাস