যমুনা সেতু পশ্চিম মহাসড়ক থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে প্রায় ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোররাত পৌনে তিনটার দিকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে নলকা সেতুর পূর্বপাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরনে কালো টি-শার্ট ও লুঙ্গি রয়েছে।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার ভোররাতে নলকা ব্রিজের প্রায় ১শ গজ পূর্বে মহাসড়কের ওপর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মারাত্মক জখমপ্রাপ্ত হয়ে মারা গেছেন তিনি। খবর পেয়ে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তিনি বলেন, মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় নাই। স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা গেছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তাকে মাঝেমধ্যেই নলকা ব্রিজ এলাকায় দেখা যেত।











