ঢাকা | অক্টোবর ২২, ২০২৬ - ১০:৫৮ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট: Thursday, October 22, 2026 - 10:16 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। মেধা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেম ধারণ করে তাঁদের এগিয়ে যেতে হবে। নিউ গভ. ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীরা নিজেদের সাফল্যের মাধ্যমে রাজশাহীর সুনাম বাড়াচ্ছেন।” ভবিষ্যতেও তাঁরা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করে তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মানিত অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষানগরী রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হলো নিউ গভ. ডিগ্রি কলেজ। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। কলেজটিকে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মতিউর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. রাশেদ করিম।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রাহিম আলী, রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক হুমায়ুন কবীর, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুর রউফ এবং সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক জুবাইদুর রহমান আল গালিবসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সম্প্রতি অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকা ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।