ঢাকা | অক্টোবর ১৫, ২০২৬ - ১২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

জাল নোট দিয়ে স্বর্ণের চেইন হাতিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২

  • আপডেট: Wednesday, October 14, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: জাল টাকার নোট দিয়ে স্বর্ণের চেইন হাতিয়ে নেয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রিয়াজুল ইসলাম ও রোমান। রিয়াজুল ঝালকাঠি সদর উপজেলার উত্তর মারাবাটি গ্রামের হারুন অর রশিদের ছেলে।

তিনি ঢাকার খিলক্ষেত টানপাড়া এলাকায় বসবাস করেন। রোমান কুমিল্লার বুড়িচং উপজেলার লড়িবাগ গ্রামের আলফু মিয়ার ছেলে। তিনি ঢাকার খিলক্ষেতের জামতলা মোড় এলাকার মা জুয়েলার্সের মালিক। তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা দুটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে এ ঘটনায় রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সংবাদ সম্মেলনে আরএমপি’র মুখপাত্র উপ-কমিশনার গাজিউর রহমান জানান, গত ২৪ সেপ্টেম্বর বিকেল সোয়া ৫টার পর রিয়াজুল নিজেকে সেনাবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে নগরীর সাহেববাজারের আশা জুয়েলারিতে যান। মেজরের মেয়ের বিয়ের জন্য গহনা কেনার কথা বলে তিনি ৭০০ টাকায় একটি নাকফুল কেনেন।

একই সঙ্গে ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন পরে টাকা দিয়ে নিয়ে যাবেন বলে জানান। তিন দিন পর রিয়াজুল ওই দোকানে এসে চেইনটি কিনতে চান। ২২ ক্যারেটের ৮ আনা এক পয়েন্ট ওজনের চেইনটি ১ লাখ ১৫ হাজার টাকায় কেনার দরদাম হয়। এ সময় তিনি ১ হাজার টাকার ১১৫টি নতুন নোট দেন। দোকানমালিক নোটগুলো যাচাই করতে পাশের দোকানে গেলে সেগুলো জাল বলে শনাক্ত হয়। পরে তিনি ফিরে এসে রিয়াজুলকে আর খুঁজে পাননি।

তিনি বলেন, এমন অভিযোগ পেয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার খিলক্ষেতের জামতলা মোড় এলাকা থেকে রিয়াজুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে একই দিন দুপুরে একই এলাকার মা জুয়েলার্সের মালিক রোমানকেও গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে হাতিয়ে নেয়া চেইনটি উদ্ধার করা হয়। একই কৌশলে গত ৬ অক্টোবর বগুড়ার নিউ মার্কেটের স্বর্ণপট্টির তামান্না জুয়েলার্স থেকে ১ লাখ ২২ হাজার টাকার জাল নোট দিয়ে ৮ আনা ওজনের আরেকটি চেইন হাতিয়ে নেন রিয়াজুল। পুলিশ সেই চেইনটিও উদ্ধার করেছে।

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুমা মুস্তারী বলেন, রিয়াজুল দেশের বিভিন্ন স্থানে একই কৌশলে প্রতারণায় জড়িত। তাঁর বিরুদ্ধে রংপুরের বদরগঞ্জ থানা ও ঢাকার খিলক্ষেত থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা রয়েছে।