ঢাকা | অক্টোবর ১৫, ২০২৬ - ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

জানালার গ্রীল ভেঙে বৃদ্ধার বাড়িতে স্বর্ণালঙ্কার চুরি

  • আপডেট: Wednesday, October 14, 2026 - 10:14 pm

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: গভীর রাতে জানালার গ্রীল ভেঙে ঘরে ঢুকে এক বৃদ্ধার এক ভরি ৬ আনা স্বর্ণালঙ্কার ও মুঠোফোন চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গত মঙ্গলবার দিনগত রাতে নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের কোমাড়পুর সোনারপাড়া নামক গ্রামে এ ঘটনাটি ঘটে।

বালুভরা ইউনিয়নের কোমাড়পুর গ্রামের মৃত আব্দুল সামাদের স্ত্রী নিলুফা আক্তারের বাড়িতে মধ্যরাতে এই চুরির ঘটনা হয়। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে একটি সোনার চেন, এক জোড়া হাতের বালা, একটি আংটি, দুইটি কানের দুল ও একটি নোকিয়া বাটন মুঠোফোন। চুরি যাওয়া স্বর্ণালঙ্কার প্রায় ১ ভরি ৬ আনা। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন নিলুফা আক্তার। রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ ঘুম ভাঙলে তিনি দেখতে পান জানালার লোহার গ্রীল ও কাঠের পাল্লা ভেঙে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

নিলুফা আক্তার জানান, মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে ঘরের ভিতরের আসবাবপত্র ও জামাকাপড় অগোছালো দেখি। এরপর জানালা ভাঙা দেখতে পাই। তখন আমার সন্দেহ হলে স্টিলের আলমারিতে গিয়ে দেখি আমার আলমারির পাল্লা খোলা সেখানে রাখা আমার সোনার চেন, হাতের দুটি বালা, আংটি, কানের দুল ও আলমারির ওপরে রাখা নোকিয়া বাটন মোবাইল ফোন নেই।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ  হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রায় ১ ভরি ৬ আনা সোনা চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার কাজ চলমান রয়েছে।