দেশের ৫০ বিশ্ববিদ্যালয়ে ভাষা কেন্দ্র স্থাপনের উদ্যোগ ইউজিসির
স্টাফ রিপোর্টার: আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে তৃতীয় ভাষা শিক্ষা চালুর লক্ষ্যে ভাষা কেন্দ্র স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
এ উপলক্ষে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য প্রফেসর আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলামসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন। বিশ্ববাজার ও আঞ্চলিক কর্মসংস্থানের চাহিদা বিবেচনায় নিয়ে বিএমইটির তথ্যের ভিত্তিতে তৃতীয় ভাষা নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ে অবৈতনিক কোর্সের পাশাপাশি সনদভিত্তিক ও বাধ্যতামূলক কোর্স চালু এবং বেকারদের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হয়। শিক্ষায় আন্তর্জাতিকীকরণ নিশ্চিত করতে ইউজিসির পক্ষ থেকে ‘স্টাডি ইন বাংলাদেশ’ পোর্টাল চালুর পরিকল্পনা এবং প্রাথমিকভাবে ২০টি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক দপ্তর খোলার সিদ্ধান্ত জানানো হয়।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে স্বতন্ত্র বিভাগ হিসেবে আরবি, ফারসি, উর্দু ও সংস্কৃত এবং ইনস্টিটিউটের অধীনে জার্মান, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষা শিক্ষার সুযোগ রয়েছে।











