শিক্ষার্থীদের পরম মমতায় গাছের পরিচর্যার আহ্বান বিভাগীয় কমিশনারের
স্টাফ রিপোর্টার: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের পরম মমতায় বৃক্ষরোপণ ও পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী।
বুধবার দুপুরে নগরীর রাজপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস’ (এসএসএস) নাটোর জোনের উদ্যোগে এবং হেলেনাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচী ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই শুধু গাছ লাগালেই হবে না, পরম মমতায় পরিচর্যা করে প্রতিটি গাছকে বড় করে তুলতে হবে। একটি গাছ, একটি প্রাণ’—এই মন্ত্রে দীক্ষিত হয়ে সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে তোমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক লুৎফর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক নিলুফার ইয়াসমীন এবং সিনিয়র সহকারী কমিশনার জোবায়ের হোসেন।
এ ছাড়া এসএসএস-এর জোনাল ম্যানেজার শফিকুর রহমান, টেকনিক্যাল অফিসার রবিন্দ্র ন্যায়পাল, হেলেনাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার জাহান এবং সিনিয়র শিক্ষক বিএস আমজাদ হোসেন ও হাবিবুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।











