ঢাকা | সেপ্টেম্বর ৩০, ২০২৬ - ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

ট্রেনের ছাদ থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

  • আপডেট: Tuesday, September 29, 2026 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা হরহামেশা শোনা গেলেও এবার ঘটেছে ঠিক উল্টো ঘটনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্টেশন অতিক্রম করার সময় ঢাকাগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে স্টেশনের প্ল্যাটফর্ম লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক নারী আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। গত সোমবার রাত ১১টা ২৫ মিনিটে রাবি স্টেশন অতিক্রমের সময় এ ঘটনা ঘটে। পরবর্তীতে বাঘার আড়ানী স্টেশনে ট্রেনটি থামালে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পরে রেলওয়ে আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কুমিল্লার দেবীদ্বার উপজেলার দক্ষিণ পদুয়া গ্রামের শহিদুল ইসলাম ওরফে বাপ্পি (২২), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট কালাইঘাটি গ্রামের শফিকুল কামাল (২৭), রাজশাহী মহানগরীর ভদ্রা জামালপুর এলাকার সবুজ আলী (৩৩) এবং কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম গ্রামের শরিফুল ইসলাম (৪৫)। আটকদের মধ্যে শহিদুল, শফিকুল ও সবুজকে ট্রেনের ছাদ থেকে এবং শরিফুলকে একটি কামরা থেকে আটক করা হয়। আটক শরিফুলের কাছ থেকে কয়েকটি পাথর জব্দ করার কথা জানিয়েছে রেলওয়ে পুলিশ।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বিনা টিকিটে ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমণরত কয়েকজন যাত্রী উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্ল্যাটফর্মে অবস্থানরত যাত্রীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। খবর পেয়ে আড়ানী স্টেশনে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়, তবে রাতের অন্ধকারে আরও কয়েকজন পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনের বাড়ি অন্য জেলায়। তারা কেন এ কাজ করেছেন বা কেন সেই ট্রেনে উঠেছিলেন—তার স্পষ্ট জবাব দিতে পারেননি। ঘটনাটির পেছনের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ট্রেনে দায়িত্বপ্রাপ্ত এটিএসআই আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

উল্লেখ্য, কিছুদিন ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে রেলওয়ে প্রশাসনের সম্পর্কের টানাফোড়েন চলছে। গত ২০ সেপ্টেম্বর রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনার পর থেকে রাবি স্টেশন অতিক্রম করার সময় ট্রেন থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠছিল। গত সোমবার রাতেও একটি পাথর স্টেশনের দোকানের ফ্রিজে আঘাত হানে।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, স্টেশনে অবস্থানরত শিক্ষার্থীদের লক্ষ্য করে ক্রমাগত পাথর নিক্ষেপের বিষয়টি অত্যন্ত গুরুতর। গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নিয়ে এর নেপথ্যে কোনো চক্র বা ইন্ধনদাতা রয়েছে কি না, তা খুঁজে বের করা প্রয়োজন।

সোনালী/জগদীশ রবিদাস