ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৬ - ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীকে ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার পেছনে দীর্ঘ ইতিহাস রয়েছে: ভূমিমন্ত্রী

  • আপডেট: Saturday, September 19, 2026 - 10:11 pm

স্টাফ রিপোর্টার: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং রাজশাহী মহানগরীর সুনাম ধরে রাখতে শহরকে আরও সবুজায়িত করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

তিনি বলেন, রাজশাহীকে সবুজ করার এই চেষ্টা কোনো এক বা দুই বছরের নয়, বরং দীর্ঘ দুই-তিন যুগ ধরে ধারাবাহিক প্রচেষ্টার ফসল। অর্জিত এই অর্জনের মূল কৃতিত্ব রাজশাহী জেলা ও মহানগরের সর্বস্তরের জনগণের।

শনিবার বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদরদপ্তরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা)-র সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করে আরএমপি, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এবং রাজশাহীর সাংবাদিকবৃন্দ।

বক্তব্যে ভূমিমন্ত্রী স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমার মেয়র পদে দায়িত্ব পালনকালে বিগত ১৭ বছরে সারা বাংলাদেশে ১৪ বার প্রথম স্থান অর্জন করে এই মহানগরী। যার ফলশ্রুতিতে রাজশাহী বর্তমানে সারা দেশে ও বিশ্ব দরবারে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’ নামে পরিচিতি লাভ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত সুদৃঢ় অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, বৃক্ষ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করার মাধ্যমে পৃথিবীতে প্রাণ টিকিয়ে রাখে। গাছেই প্রাণের ভিত্তি। তাই পরিবেশ সুরক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ করাকে প্রত্যেকের পবিত্র দায়িত্ব হিসেবে বিবেচনা করতে হবে। নগরীর সার্বিক সবুজায়নে আবাসন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আরএমপি এবং আরডিএ-র ভূমিকার প্রশংসা করে সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী কোর্ট কলেজ সরকারীকরণের উদ্যোগ নেয়া হবে:

এদিকে, একই দিন দুপুরে রাজশাহী কোর্ট কলেজের সম্মেলন কক্ষে এক আইসিটি ডিজিটাল ল্যাবের ভিত্তিপ্রস্তর ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী জানান, রাজশাহী কোর্ট কলেজসহ সম্ভাবনাময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত সরকারীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের উন্নয়ন এগিয়ে নেওয়া হচ্ছে এবং শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে সরকার সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করছে। শিক্ষানগরী হিসেবে রাজশাহীর ঐতিহ্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে বিশ্বমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার পরামর্শ দেন। শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসনে কলেজে একটি নতুন ছাত্রী হোস্টেল নির্মাণের প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

কলেজের আশপাশে ভূমি মন্ত্রণালয়ের কোনো খাসজমি থাকলে তা কলেজের নামে বরাদ্দের জন্য আবেদন করতে কলেজ কর্তৃপক্ষকে পরামর্শ দিয়ে তিনি বলেন, আবেদন পেলে জমি হস্তান্তরের দ্রুত ব্যবস্থা করা হবে। গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. মুস্তারুজ্জামান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ সাইদা খানমসহ শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।