ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

অটোরিকশা দুর্ঘটনায় রুয়েটের ৫ শিক্ষার্থী আহত

  • আপডেট: Thursday, September 17, 2026 - 11:29 pm

রুয়েট প্রতিনিধি: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

গত বুধবার রাত সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার দিকে রাজশাহীর বিমানবন্দর চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের গাড়ি আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত শিক্ষার্থীরা হলেন—ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র ইমরান ফেরদৌস তুর্য, আব্দুল্লাহ হাওলাদার, ফয়সাল কবির, নোহান আহমেদ ও রায়হান রিফাত।

সহপাঠীরা জানান, রাতে অটোরিকশায় নওহাটার দিকে যাওয়ার পথে বিমানবন্দর চত্বর পার হয়ে দ্রুতগতির যানটি স্পিড ব্রেকারে ধাক্কা খায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সড়কের লাইট পিলারে আঘাত করে।

দুর্ঘটনায় ইমরান ফেরদৌস তুর্যের মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রায় ২০ থেকে ৩০টি সেলাই দেয়া হয়। তবে সিটি স্ক্যান রিপোর্টে বড় কোনো জটিলতা পাওয়া যায়নি। অন্যান্যদের মধ্যে ফয়সাল কবিরের পায়ে ও নোহান আহমেদের মুখে সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুল্লাহ ও রায়হানকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।