ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

যুক্তরাজ্যে রাজশাহীর রেশম ও কৃষি পণ্য রপ্তানিতে খুলছে সম্ভাবনার দুয়ার

  • আপডেট: Thursday, September 17, 2026 - 11:27 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ.ই. মিস সারাহ কুক।

বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে চেম্বারের বোর্ডরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আরসিসিআই সভাপতি হাসেন আলী। বৈঠকে রাজশাহীর পাট ও পাটজাত পণ্য, রেশম (সিল্ক), আম, খাদ্যশস্য ও মিঠা পানির মাছ যুক্তরাজ্যে রপ্তানির সম্ভাবনা এবং বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসা ও পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের চামড়া, মসলা এবং ঐতিহ্যবাহী পিঠা প্রশংসিত হচ্ছে এবং এগুলোর চাহিদা বাড়ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্যের উন্নয়ন ও যুক্তরাজ্যের বাজারে বিপণনে ব্রিটিশ হাই কমিশন কাজ করছে। তিনি রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক ও পাটজাত পণ্য বহুমুখীকরণের ওপর জোর দেন।

এছাড়া তৈরি পোশাক খাতের বাইরে কৃষি খাতে বাংলাদেশকে সহায়তার পরিকল্পনার কথা জানান তিনি।

সভাপতির বক্তব্যে হাসেন আলী রাজশাহীকে ‘শিক্ষানগরী’ হিসেবে উপস্থাপন করে শিক্ষা ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চান এবং ব্যবসায়ীদের যাতায়াত সুবিধার জন্য বিজনেস ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান শান্তুনু, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন আহমেদ, পরিচালকমণ্ডলী, সাবেক পরিচালক এস. এম আইয়ুব, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মোঃ লিয়াকত আলী, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনসহ চেম্বার সদস্যরা উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস