ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

জানুয়ারির শেষ সপ্তাহে হতে পারে রুয়েটের ষষ্ঠ সমাবর্তন

  • আপডেট: Thursday, September 17, 2026 - 11:23 pm

রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ষষ্ঠ সমাবর্তন ২০২৭ সালের জানুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রাথমিক সম্মতি পাওয়া গেছে।

গত বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করলে এ বিষয়ে আলোচনা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে সমাবর্তন আয়োজনের প্রাথমিক সম্মতি পাওয়া গেলেও চূড়ান্ত তারিখ রাষ্ট্রপতির সময়সূচি অনুযায়ী নির্ধারণ করা হবে। সমাবর্তনের বিস্তারিত কর্মসূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

সৌজন্য সাক্ষাৎকালে রুয়েটের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও সামগ্রিক একাডেমিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি রুয়েটের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করার এবং আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিনিধিদলে উপাচার্য ছাড়াও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসাইন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, অধ্যাপক এইচ এম রাসেল, বিভিন্ন অনুষদের ডিন এবং সাবেক রুয়েট শিক্ষার্থী ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল উপস্থিত ছিলেন।