রাজশাহীতে রেঞ্জে পুলিশের বড় অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭৭
স্টাফ রিপোর্টার: আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে রাজশাহী রেঞ্জজুড়ে পরিচালিত নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রেঞ্জের বিভিন্ন থানায় মোট ৫৯টি মামলা রেকর্ড করা হয়েছে।
বুধবার সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জ এলাকায় খুন, ডাকাতি বা সাইবার নিরাপত্তার মতো বড় কোনো অপরাধের মামলা না হলেও চুরির দুটি এবং নারী ও শিশু নির্যাতনের তিনটিসহ অন্যান্য অপরাধে মোট ৫৯টি মামলা হয়েছে। একই সময়ে অপমৃত্যুর তিনটি ঘটনাও রেকর্ড করা হয়। গ্রেপ্তার ১৭৭ জনের মধ্যে পরোয়ানাভুক্ত ৮৫ জন, সাজাপ্রাপ্ত ১২ জন, তদন্তাধীন মামলার ৭৬ জন এবং প্রতিরোধমূলক আইনে চারজন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় চালানো মাদকবিরোধী অভিযানে ২৬ জন মাদক ব্যবসায়ী ও সেবীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি বার্মিজ চাকু, ৬২১ পিস ইয়াবা, ১ হাজার ২০৮ পিস ট্যাপেন্টাডল, ৩৪ কেজি ৪২০ গ্রাম গাঁজা, ১৫ লিটার চোলাই মদ এবং ৪৪৫ লিটার বাংলা মদ।
রেঞ্জ পুলিশ জানায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি বিশেষ অভিযান চালানো হয়েছে। একই সাথে সাধারণ মানুষের সেবা প্রদানে পুলিশি সেবার আওতায় চলতি মাসে এখন পর্যন্ত ১৪ হাজার ৩৮৬ জন নাগরিক সেবা গ্রহণ করেছেন।











