প্রধানমন্ত্রীর সহযোগিতায় রাবিতে চাকরি পেলেন দৃষ্টিহীন শাকিল
স্টাফ রিপোর্টার: মেধা ও অদম্য ইচ্ছাশক্তি থাকা সত্ত্বেও জন্মগত দৃষ্টিহীনতার কারণে বারবার ভাইভা থেকে বাদ পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিল হোসেনের স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে।
প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ সহযোগিতায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার পদে চাকরি পেয়েছেন।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ. এইচ. এম. আসলাম হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে শাকিলকে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প অফিসে সেকশন অফিসার পদে অ্যাডহক ভিত্তিতে ছয় মাসের জন্য নিয়োগ দেয়া হয়।
শাকিল নওগাঁর একটি প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারের সন্তান। তিনি ২০১৯ সালে স্নাতকোত্তর শেষ করে বিভিন্ন দপ্তরে চাকরির চেষ্টা করেন। এমনকি বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় কয়েকবার উত্তীর্ণ হলেও দৃষ্টিহীনতার কারণে ভাইভা থেকে তাকে বাদ দেয়া হতো। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তাঁর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। পরে রিজভী রাবি উপাচার্যের সঙ্গে যোগাযোগ করে এই চাকরির ব্যবস্থা করেন।
রাবি উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, শাকিল অত্যন্ত মেধাবী এবং কম্পিউটারে তার অবিশ্বাস্য দক্ষতা রয়েছে। একাধিক জায়গায় ভাইভায় বাদ পড়া শাকিলকে কাজের সুযোগ দিতে পেরে তারা আনন্দিত। তিনি দেশের সব বিশ্ববিদ্যালয়কে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে এগিয়ে আসার আহ্বান জানান।
উপাচার্য আরও উল্লেখ করেন যে, জুলাইয়ের শহিদ পরিবারের সদস্য ও আহতদের বিষয়টিও বিশ্ববিদ্যালয় প্রশাসনে বিশেষ গুরুত্ব পাবে।











