ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৬ - ১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

বিএসটিআই মানসনদ না থাকায় ফিউচার মিনারেল ওয়াটারকে জরিমানা

  • আপডেট: Wednesday, September 16, 2026 - 10:32 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) গুণগত মানসনদ গ্রহণ না করে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিক্রির দায়ে ‘ফিউচার মিনারেল ওয়াটার’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে নগরীর বালিয়াপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, বালিয়াপুকুর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ১৯ লিটারের জারে পানি উৎপাদন, বিক্রয় ও বিতরণ করে আসছিল।

এ ছাড়া সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর ও অনুপযোগী পরিবেশে পানি উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি দল উপস্থিত ছিল। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।