ঢাকা | সেপ্টেম্বর ৯, ২০২৬ - ১১:৩৮ অপরাহ্ন

শিরোনাম

পদ্মার পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক

  • আপডেট: Wednesday, September 9, 2026 - 10:03 pm

স্টাফ রিপোর্টার: জীবন ও গবাদিপশু বাঁচাতে নৌকায় করে ঘর ছেড়ে পদ্মার ডগার ঘাটে আশ্রয় নিয়েছেন চর খিদিরপুর মধ্যচরের শত শত মানুষ। টানা প্রায় এক সপ্তাহ পানিবন্দী থাকার পর বুধবার এসব মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।

বেলা ১২টার দিকে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ডগার ঘাট এলাকায় পানিবন্দী মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি পানিবন্দী মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের জন্য দুপুরের খাবারেরও ব্যবস্থা করেন।

এসময় জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, চর খিদিরপুর ও মিডল চরে পানি ওঠায় প্রায় ২০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ত্রাণসামগ্রীর মধ্যে প্রায় ২৫ ধরনের পণ্য রয়েছে। বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চরমাঝারদিয়াড়সহ তিনটি স্থানে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। এসব ক্যাম্পে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। বিশেষ করে পানিবাহিত রোগের বিস্তার ঠেকাতে স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আপাতত ভ্রাম্যমাণভাবে একটি জায়গায় আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, সেখানে গবাদিপশু রাখারও ব্যবস্থা রয়েছে। তবে চর খিদিরপুরের মানুষের জন্য দীর্ঘমেয়াদি সমাধানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ জন্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রায় ১০ ফুট উঁচু দুটি বড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। সেখানে মানুষের পাশাপাশি কয়েক হাজার গবাদিপশু রাখার সুযোগ থাকবে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে পদ্মার খিদিরপুর মিডল চরের প্রায় সাড়ে তিন শতাধিক পরিবার ও প্রায় ১০ হাজার গবাদিপশু পানিবন্দী হয়ে পড়ে। ঘরবাড়ি, উঠান ও চলাচলের পথ তলিয়ে যাওয়ায় অধিকাংশ পরিবার গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল নিয়ে নৌকায় করে ডগার ঘাট এলাকায় চলে এসেছে।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও দুর্গম পদ্মার চরাঞ্চলে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখলকারীদের বিরুদ্ধেও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।