ঢাকা | সেপ্টেম্বর ৯, ২০২৬ - ১১:৫৩ অপরাহ্ন

শিরোনাম

ঝটিকা মিছিলের জেরে আ’লীগ ও যুবলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, September 9, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার সোহান ইসলাম ওরফে নিশান (২৬), পঞ্চবটি এলাকার অন্তু (২৩) এবং চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকার রাসেল হোসেন রানা (৩০)।

পুলিশ জানায়, গত সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বোয়ালিয়া থানাধীন ভদ্রা মোড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ব্যানারসহ একটি ঝটিকা মিছিল বের করে উসকানিমূলক স্লোগান দেয়। স্থানীয় লোকজন বাধা দিলে তারা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, এই মামলার আসামি হিসেবে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে