ঢাকা | সেপ্টেম্বর ১০, ২০২৬ - ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

সারাদেশে ডেঙ্গুতে ৩ মৃত্যু, রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েই প্রাণ গেল যুবকের

  • আপডেট: Wednesday, September 9, 2026 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হওয়ার ঘণ্টাখানেকের মাথায় ইমরুল কায়েস হৃদয় (২৬) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে

বুধবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৩ জনের মৃত্যু হলো। আর সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৩৮ জনে।

এদিকে রাজশাহী প্রতিনিধি জানান, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইমরুল কায়েস হৃদয়ের বাড়ি পাবনার বেড়া উপজেলায়। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

ডা. শামীম আহমেদ আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ১৮ জন। বর্তমানে এই হাসপাতালে মোট ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।