মাদ্রাসা শিক্ষা নিয়ে কটূক্তির অভিযোগ চারঘাটে শিক্ষক আটক
চারঘাট প্রতিনিধি: ফেসবুকে ইসলাম ধর্ম ও মাদ্রাসা শিক্ষা নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে চারঘাটে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নারায়ণ চন্দ্র (৫০) নামে এক শিক্ষককে বিদ্যালয় থেকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আটককৃত নারায়ণ চন্দ্র উপজেলার নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর হিন্দুপাড়া গ্রামের মৃত অবিনাশ চন্দ্রের ছেলে। তিনি ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক। প্রায় ২৫ বছর ধরে তিনি ওই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণ চন্দ্রের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে। এসব পোস্ট নিয়ে এর আগেও স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। তখন তাঁকে এ ধরনের পোস্ট না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এরই মধ্যে গত মঙ্গলবার রাতে ইসলাম ধর্ম ও মাদ্রাসা শিক্ষা নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্য সংবলিত একটি ফটোকার্ড তাঁর ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে এমন অভিযোগ ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে গতকাল বুধবার সকালে কয়েকজন বাসিন্দা ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষকের খোঁজ করেন।
পরে নারায়ণ চন্দ্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে গেলে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের একাংশ তাঁকে সেখানে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে চারঘাট মডেল থানার পুলিশ বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, ওই ফটোকার্ডে মাদ্রাসা শিক্ষা নিয়ে এমন কিছু মন্তব্য করা হয়েছে, যা ইসলাম ধর্মের প্রতি অবমাননাকর এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার শামিল। ফটোকার্ডটির নিচে “মহিউদ্দিন মোহাম্মদ” নামে একজনের নাম উল্লেখ রয়েছে।
এ বিষয়ে ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবিয়া খাতুন বলেন, এর আগেও নারায়ণ চন্দ্র ফেসবুকে বিভিন্ন পোস্ট করেছিলেন। স্থানীয়রা প্রতিবাদ জানালে তাঁকে বিষয়টি বুঝিয়ে এ ধরনের পোস্ট না করার জন্য বলা হয়েছিল। এরপরও গত মঙ্গলবার তিনি আবার একটি পোস্ট করেছেন। পরে স্থানীয়রা তাঁকে অবরুদ্ধ করে ফেললে আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে তাঁকে নিয়ে যায়। তিনি আরও বলেন, নারায়ণ চন্দ্র প্রায় ২৫ বছর ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত কার্যক্রম চলমান রয়েছে।











